জন্তর মন্তরের বিক্ষোভে দিল্লিতে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

নয়াদিল্লি, ২২ জুলাই: ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকভিত্তিক ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর বিক্ষোভ ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। নিরাপত্তাজনিত কারণে রাজধানীর অন্তত ১৬টি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকালে রাজীব চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, মান্ডি হাউস, আইটিও এবং খান মার্কেটসহ দিল্লি মেট্রোর ১৬টি গুরুত্বপূর্ণ স্টেশন বন্ধ রাখা হয়। চলমান বিক্ষোভের জেরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি)।
ডিএমআরসি এক্সে দেওয়া এক পোস্টে জানায়, নিরাপত্তার স্বার্থে লোক কল্যাণ মার্গ, রাজীব চক, প্যাটেল চক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বারাখাম্বা রোডসহ একাধিক স্টেশনে যাত্রী ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জন্তর মন্তরে বিক্ষোভকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ধাপে ধাপে মেট্রো স্টেশনগুলো পুনরায় চালু করা হবে।
উল্লেখ্য, সম্প্রতি বিভিন্ন ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্ল্যাটফর্ম সিজেপির ডাকে জন্তর মন্তরে সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে, যা রাজধানীতে নিরাপত্তা জোরদারের কারণ হয়ে উঠেছে।






