জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য হত্যা মামলার আসামি ইমরান গ্রেপ্তার

জোবায়ের হোসেন, চট্টগ্রাম :
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে আলোচিত সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় র্যাব সদস্য হত্যার ঘটনায় দায়ের করা মামলার তদন্তে প্রাপ্ত আসামি মো. ইমরানকে গ্রেপ্তার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, সীতাকুণ্ড থানার মামলা নম্বর-২৪, তারিখ ২২ জানুয়ারি ২০২৬-এর তদন্তে প্রাপ্ত আসামি মো. ইমরান জঙ্গল সলিমপুর এলাকায় অবস্থান করছেন।
এ তথ্যের ভিত্তিতে গত শুক্রবার (২০ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে র্যাব-৭-এর একটি আভিযানিক দল সীতাকুণ্ড থানার সলিমপুর ইউনিয়নের পথরীঘোনা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মো. ইমরানকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইমরান পথরীঘোনা এলাকার ছিন্নমূল ৮ নম্বর সমাজের বাসিন্দা। তিনি আজাহারের ছেলে।
র্যাব জানায়, চলতি বছরের ২২ জানুয়ারি দায়ের হওয়া ওই মামলায় দণ্ডবিধির ৩৫৩, ৩৩২, ২২৪, ২২৫, ৩৩৩, ৩০৭, ৩৮৬, ৩৬৪, ৩৪২, ৪২৭, ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সীতাকুণ্ড থানার কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।





