ছাত্রদল নেতাদের সঙ্গে নিয়ে তালা ভেঙে চুয়েটে প্রবেশ করলেন নতুন উপাচার্য

জোবায়ের হোসেন, চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যেই তালা ভেঙে নিজের দপ্তরে প্রবেশ করেছেন নতুন উপাচার্য (ভিসি) অধ্যাপক শেখ শরীফুল আলম।
সোমবার (১২ অক্টোবর) সকাল নয়টার দিকে ক্যাম্পাসে প্রবেশ করেন তিনি। এরপর ছাত্রদল নেতাদের সঙ্গে নিয়ে উপাচার্য ভবনের গেইটে দেওয়া তালা ভেঙে তিনি নিজের কার্যালয়ে যান।
জানা গেছে, নতুন উপাচার্যকে এসময় বরণ করে নেন চুয়েট শাখা ছাত্রদল সভাপতি ওয়াসিফ রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান আল সাবিত, সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসাইন সহ ছাত্রদল নেতারা।
গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয় অধ্যাপক শেখ শরীফুল আলমকে। তবে এর প্রতিবাদ এবং অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে পরদিন থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করে আসছেন শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে উপাচার্য ভবনের ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরাও একই দাবিতে ওই দিন থেকে কর্মবিরতি পালন করে আসছেন। এ কারণে ২০ দিন ধরে চুয়েটে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।





