চট্টগ্রামে ব্যাংকের ১৭ লাখ টাকা চুরির রহস্য উদ্ঘাটন, রংপুর থেকে নিরাপত্তা প্রহরী গ্রেফতার

জোবায়ের হোসেন, চট্টগ্রাম :
চট্টগ্রামের সীতাকুণ্ডে ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় মূলহোতা নিরাপত্তা প্রহরী আইয়ুব আলী কে রংপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৪ লাখ ৮৪ হাজার ৮২৮ টাকা, একটি মোবাইল ফোন এবং ঘটনার সময় পরিহিত পোশাক।
সোমবার (২৯ জুন) চট্টগ্রাম জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত ২৪ জুন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ফি কালেকশন এটিএম বুথের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাময়িক সময়ের জন্য বাইরে গেলে নিরাপত্তা প্রহরী আইয়ুব আলী পূর্বপরিকল্পিতভাবে তৈরি করা নকল চাবি দিয়ে বুথে প্রবেশ করে ক্যাশ ড্রয়ার থেকে ১৭ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর সীতাকুণ্ড মডেল থানা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, প্রযুক্তিনির্ভর তদন্ত, মোবাইল ফোনের তথ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করে। তদন্তে জানা যায়, গ্রেফতার এড়াতে আইয়ুব আলী কক্সবাজার হয়ে রংপুরে আত্মগোপন করেন। পরে রংপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আইয়ুব আলীর বাড়ি কক্সবাজার সদর উপজেলার বৈদ্যেরঘোনা এলাকার জাদিপাহাড় রোডে। তিনি প্রায় দেড় বছর ধরে ওই এটিএম বুথে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় সীতাকুণ্ড মডেল থানায় দায়ের হওয়া মামলার তদন্ত অব্যাহত রয়েছে।






