চট্টগ্রামের পটিয়ায় নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, প্রতিবেশী নার্সসহ ৩ জন আটক

জোবায়ের হোসেন, চট্টগ্রাম :
চট্টগ্রামের পটিয়ায় নিখোঁজের দুই দিন পর পাঁচ বছর বয়সী শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক নার্সসহ তিনজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) চট্টগ্রাম জেলা পুলিশের এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত ১৬ জুন পটিয়া পৌরসভার দক্ষিণ গোবিন্দারখীল এলাকার বাসিন্দা মুহাম্মদ শাহজাহান তার ছেলে মো. জায়হান নিখোঁজ হওয়ার বিষয়ে পটিয়া থানায় সাধারণ ডায়েরি করেন। এরপর পটিয়া থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে শিশুটিকে উদ্ধারে অনুসন্ধান শুরু করে।
তদন্তের একপর্যায়ে শিশুটির পরিবারের বসতঘর থেকে মুক্তিপণ ও হুমকিমূলক একটি চিরকুট উদ্ধার করা হয়। চিরকুটের লেখা, সিসিটিভি ফুটেজ, বিভিন্ন আলামত ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে পুলিশ সাদিয়া সুলতানা নিহা (১৯) নামে এক নারীর সংশ্লিষ্টতার তথ্য পায়। তিনি পটিয়া শেভরন হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন এবং শিশুটির পরিবারের প্রতিবেশী।
পুলিশ জানায়, সাদিয়ার হাতের লেখার সঙ্গে উদ্ধার হওয়া চিরকুটের লেখার মিল পাওয়া গেলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তদন্তে জানা যায়, পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসানোর উদ্দেশ্যে শিশুটিকে হত্যা করা হয়।
পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩টার দিকে তাদের বসতঘরের পেছনের নর্দমার ময়লার স্তূপে লুকিয়ে রাখা বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।





