খুলনা রেলওয়ে পুলিশের অভিযানে ৬০০গ্রাম সোনার বার উদ্ধার

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম
খুলনা রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা মূল্যের ৩টি স্বর্ণের বার উদ্ধার করেছে বাংলাদেশ রেলওয়ে পুলিশ। এ ঘটনায় মাসুদ মোল্লা নামে এক যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে খুলনা রেলস্টেশন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাকে আটক করেন রেলওয়ে থানার সদস্যরা। পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে বিশেষভাবে লুকিয়ে রাখা ৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
রেলওয়ে পুলিশ জানায়, উদ্ধার হওয়া স্বর্ণের বারের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা। আটক ব্যক্তি নড়াইল জেলার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি উদ্ধারকৃত স্বর্ণের বৈধ কাগজপত্র বা সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি।
পুলিশের ধারণা, স্বর্ণগুলো একটি চোরাচালান চক্রের মাধ্যমে দেশের এক স্থান থেকে অন্য স্থানে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। তবে এগুলোর প্রকৃত উৎস, গন্তব্য এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা জানতে তদন্ত শুরু হয়েছে।
রেলওয়ে পুলিশ আরও জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধার করা স্বর্ণের বারগুলো জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, সীমান্ত ও রেলপথ ব্যবহার করে স্বর্ণ চোরাচালান ঠেকাতে গোয়েন্দা নজরদারি এবং তল্লাশি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।






