খুলনা ও সিরাজগঞ্জের বন্ধ ৩ পাটকল ইজারা পেল প্রাণ-আরএফএল ও হ্যামকো গ্রুপ

অর্থনীতি ডেস্ক, ১১ আগস্ট ২০২৬ (বাংলা স্টার): পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অধীন খুলনা ও সিরাজগঞ্জের বন্ধ থাকা তিনটি রাষ্ট্রায়ত্ত পাটকল বেসরকারি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর বা ইজারা দেওয়ার আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে দুটি পাটকলের দায়িত্ব পেয়েছে দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপ এবং অন্যটি ইজারা নিয়েছে হ্যামকো গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আবদুল্লাহ ব্যাটারি কোম্পানি (প্রাইভেট) লিমিটেড।
মঙ্গলবার (১১ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এই ইজারা চুক্তি অনুষ্ঠিত হয়। পরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বিস্তারিত তথ্য সাংবাদিকদের জানান।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৩০ বছরের ইজারা চুক্তির আওতায় খুলনার খালিশপুরের প্লাটিনাম জুবিলি জুট মিলের দায়িত্ব পেয়েছে হ্যামকো গ্রুপের আবদুল্লাহ ব্যাটারি কোম্পানি। অন্যদিকে, খুলনার দিঘলিয়ার স্টার জুট মিলস এবং সিরাজগঞ্জের রায়পুরের জাতীয় জুট মিলস পরিচালনা ও উৎপাদনের দায়িত্ব পেয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ।
সংবাদ সম্মেলনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বলেন, নতুন এই তিনটি পাটকলে ১ হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। কারখানাগুলো দ্রুততম সময়ে নতুন করে উৎপাদনে ফিরলে প্রায় ১১ হাজার মানুষের সরাসরি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত শিল্পকারখানার অলস সম্পদ কাজে লাগিয়ে জাতীয় অর্থনীতিতে নতুন গতি আনাই সরকারের লক্ষ্য। এর অংশ হিসেবে আগামী ছয় মাসের মধ্যে বন্ধ থাকা আরও বেশ কিছু কারখানা বেসরকারি খাতে চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত রাজশাহী টেক্সটাইল মিল ও রাজশাহী জুট মিল সরকারি-বেসরকারি যৌথ অংশীদারত্বে (পিপিপি) সফলভাবে চালু করে প্রাণ-আরএফএল গ্রুপ, যেখানে প্রায় সাড়ে তিন হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে।






