খুলনায় ফেসবুকে অপপ্রচার ও চাঁদাবাজির অভিযোগে আলোচনায় ‘হুমা বাহিনী’। ভূক্তভোগীদের সাইবার মামলার প্রস্তুুতি

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম
দক্ষিণাঞ্চলে ‘হুমা বাহিনী’ নামে একটি সন্ত্রাসী বাহিনির বিরুদ্ধে ফেসবুক ব্যবহার করে অপপ্রচার, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ‘Grandfather of South Bengal’ নামের একটি ফেসবুক পেজের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির ছবি এআই প্রযুক্তি ব্যবহার করে বিকৃতভাবে প্রকাশ করে মানহানি করা হচ্ছে।
ভুক্তভোগীদের দাবি, চাঁদা না দিলে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। সম্প্রতি প্রথম আলোর একটি অনুসন্ধানী প্রতিবেদনে বাহিনীটির বিভিন্ন কর্মকাণ্ড উঠে আসার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে।
অভিযোগ রয়েছে, উক্ত ফেসবুক পেজে বিভিন্ন ব্যক্তির ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে। এসব ছবি ও পোস্টের মাধ্যমে ব্যক্তিগত মানহানি এবং ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বলে দাবি করেছেন একাধিক ভুক্তভোগী।
অনুসন্ধানে আরও জানা যায়, ‘হুমা বাহিনী’র সদস্য হাসিব নামের একজন ভিপিএন ব্যবহার করে এই পেজটি নিয়ন্ত্রণ করছেন বলে ধারনা ভূক্তভোগিদের।
জানা যায়, গেল বছরের ১১ জুলাই মহেশ্বরপাশা পশ্চিমপাড়ায় নিজ বাড়ির সামনে সাবেক যুবদল নেতা মাহবুবুর রহমান মোল্লাকে গুলি। এর আগে ২০১৪ সালের ২৪ জুন কুয়েটের পকেট গেট এলাকায় সাবেক ইউপি সদস্য ও যুবলীগ নেতা আরিফ হোসেনকে গুলি করে হত্যা করা হয়।
এ ছাড়া ৩ আগস্ট মহেশ্বরপাশা উত্তর বণিকপাড়ায় ঘের ব্যবসায়ী আলামিন হাওলাদার কুপিয়ে খুন। গেল বছরের ১ অক্টোবর নিজ বাড়িতে খুন হন তানভীর হাসান শুভ। এসব ঘটনায় পৃথক মামলা হলেও এখন পর্যন্ত অধিকাংশ ঘটনায় হুমা বাহিনির সংশ্লিষ্টতা খুজে পায় প্রশাসন।
সচেতন মহল মনে করছে, সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করে এ ধরনের অপপ্রচার ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।





