খুলনায় নূর আজিম বাহিনীর ৬ সদস্য অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম
খুলনা মহানগরে বিশেষ অভিযান চালিয়ে কথিত নূর আজিম বাহিনীর ছয় সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খুলনা সদর থানা পুলিশ। এ সময় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সবুজ শেখ (২৮), বিশ্বজিৎ হাওলাদার (২৭), তাসিন ওরফে কাজল (২০), রব্বানী সরদার (২৮), সাইফুল ইসলাম (২০) ও রাসেল শেখ (২৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (৭ নভেম্বর) মধ্যরাত থেকে রোববার (৮ নভেম্বর) ভোর ৫টা পর্যন্ত খুলনা মহানগরের বিভিন্ন স্থানে বিশেষ রাত্রিকালীন অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে বাহিনীর এক সদস্যের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
পুলিশের অভিযোগ, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও কোচিং সেন্টারে হুমকি-ধমকি দিয়ে চাঁদা দাবি করে আসছিলেন। সম্প্রতি টুটপাড়া এলাকার চয়নিকা ফার্মেসি ও ব্র্যাক প্রতিষ্ঠানে চাঁদাবাজির অভিযোগেও তাঁদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া চাঁদা দাবিকে কেন্দ্র করে আলোচিত আকাশ কুণ্ডুকে গুলি করার ঘটনায়ও তাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে পুলিশ তদন্ত করছে।
উল্লেখ্য, নূর আজিম খুলনা মহানগরের অপরাধজগতে পরিচিত একটি নাম। এর আগে ২০২৫ সালের ১ জানুয়ারি ঢাকায় অভিযান চালিয়ে নূর আজিম ও তাঁর সহযোগী রিয়াজুল ইসলাম ওরফে দাদা মিয়াকে গ্রেপ্তার করেছিল কেএমপির গোয়েন্দা পুলিশ।
সর্বশেষ অভিযানে গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নগরীতে অপরাধ দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।






