খুলনার রূপসায় দোকানে বসে থাকা জাকিরকে গুলি করে হত্যা

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম
খুলনার রূপসা উপজেলায় মোঃ জাকির হোসেন (৪৩) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার স্বল্পবাহিরদিয়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে স্বল্পবাহিরদিয়া এলাকার হিরকের দোকানে বসে ছিলেন জাকির হোসেন। এ সময় মোটরসাইকেলে করে আসা হেলমেট পরিহিত কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।
গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জাকির হোসেন স্বল্পবাহিরদিয়া গ্রামের জলিল শেখের ছেলে। তিনি রূপসা সদর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ছিলেন। এছাড়া তিনি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু সাইদের বড় ভাই।
হত্যাকাণ্ডের পেছনে কী কারণ রয়েছে এবং কারা এ ঘটনায় জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের তথ্যও পাওয়া যায়নি।





