কেএমপির ডিবি পরিদর্শক তৈমুর ইসলামকে সরানো হলো

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম
দীর্ঘদিনের আলোচনা-সমালোচনা ও বিভিন্ন অভিযোগের পর খুলনা মহানগর পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক তৈমুর ইসলামকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরের আদেশে তাকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।
সোমবার (৮ জুন) রাতে জারি হওয়া আদেশে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। এর আগে তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধ, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।
ভুক্তভোগীদের অভিযোগে বলা হয়, প্রতিষ্ঠান দখলে সহায়তা করতে কাউকে তুলে নিয়ে গ্রেপ্তার দেখানো, মামলায় জড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায় এবং কিছু ক্ষেত্রে সন্ত্রাসী চক্রের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া পুলিশ ইন্টারনাল ওভারসাইট (পিআইও)-এর প্রতিবেদনে বিভিন্ন অনিয়মের বিষয় উঠে আসার পর কেএমপির পক্ষ থেকেও তাকে অন্য ইউনিটে বদলির সুপারিশ করা হয়েছিল।
জানা গেছে, গত বছরের অক্টোবর ও নভেম্বর মাসে একাধিকবার বদলির আদেশ জারি হলেও নানা কারণে তিনি কেএমপিতেই বহাল ছিলেন। অবশেষে দফায় দফায় বদলির নির্দেশনার পর এবার তাকে খুলনা থেকে সরিয়ে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হলো।
এর আগে সাবেক বেনজীর আহমেদ-এর রিসোর্ট প্রকল্পের জন্য ভয়ভীতি দেখিয়ে জমি কেনার অভিযোগ নিয়েও আলোচনায় এসেছিলেন তৈমুর ইসলাম।





