একদিনে ৪৫০ বিলিয়ন ডলার বাজারমূল্য বৃদ্ধি, নতুন রেকর্ড গড়ল মাইক্রোসফট

নিউইয়র্ক, ৩১ জুলাই ২০২৬—ক্লাউড কম্পিউটিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে শক্তিশালী প্রবৃদ্ধির পূর্বাভাসের পর একদিনেই প্রায় ৪৫০ বিলিয়ন ডলার বাজারমূল্য বৃদ্ধি করে নতুন রেকর্ড গড়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট।
বৃহস্পতিবার (৩০ জুলাই) লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারদর ১৫ শতাংশের বেশি বেড়ে যায়। এর ফলে মাইক্রোসফটের মোট বাজারমূল্য দাঁড়ায় প্রায় ৩ দশমিক ৩৫ ট্রিলিয়ন ডলারে।
বাজার গবেষণা প্রতিষ্ঠান এলএসইজি-এর তথ্য অনুযায়ী, কোনো কোম্পানির ইতিহাসে একদিনে বাজারমূল্য বৃদ্ধির ক্ষেত্রে এটি সর্বোচ্চ রেকর্ড। এর আগে ২০২৫ সালের ৯ এপ্রিল চিপ নির্মাতা এনভিডিয়া একদিনে ৪৪১ বিলিয়ন ডলার বাজারমূল্য বাড়িয়ে রেকর্ড গড়েছিল।
মাইক্রোসফটের সাম্প্রতিক আর্থিক ফলাফল বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে ক্লাউড ও এআই খাতে প্রবৃদ্ধির ইতিবাচক ইঙ্গিত বাজারে প্রভাব ফেলেছে।
জ্যাকস ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের প্রধান বাজার কৌশলবিদ ব্রায়ান মুলবেরি বলেন, “মাইক্রোসফট খুবই শক্তিশালী একটি প্রান্তিক পার করেছে। বাজার যে ধরনের বার্তা প্রত্যাশা করছিল, প্রতিষ্ঠানটি সেটিই দিয়েছে। প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি ছিল ক্লাউড ও এআই বিভাগ।”
সাম্প্রতিক ফলাফল থেকে ইঙ্গিত পাওয়া যায়, কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে মাইক্রোসফটের বড় বিনিয়োগ ধীরে ধীরে ফল দিতে শুরু করেছে। এর ফলে ডেটা সেন্টার ও কম্পিউটিং অবকাঠামোয় অতিরিক্ত ব্যয় নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগও কমেছে।
চলতি বছরে প্রযুক্তি খাতের ‘ম্যাগনিফিসেন্ট সেভেন’ কোম্পানিগুলোর তুলনায় মাইক্রোসফটের শেয়ারদর পিছিয়ে ছিল। বুধবার পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রায় ১৮ শতাংশ কমে ছিল। তবে সর্বশেষ ফলাফল প্রকাশের পর অন্তত নয়টি ব্রোকারেজ প্রতিষ্ঠান শেয়ারের লক্ষ্যমূল্য বাড়িয়েছে। বর্তমানে গড় লক্ষ্যমূল্য ধরা হচ্ছে ৫৬০ দশমিক ৯০ ডলার।
মাইক্রোসফট জানিয়েছে, তাদের বিনিয়োগ পরিকল্পনায় কোনো পরিবর্তন আসছে না। ২০২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে মূলধনী ব্যয় ৫০০০ কোটি ডলার এবং ২০২৬ সালের ক্যালেন্ডার বছরে মোট ১,৭৫০ কোটি ডলার ব্যয়ের পরিকল্পনা রয়েছে।
ডিরেকশনের ক্যাপিটাল মার্কেটস বিভাগের প্রধান জেক বেহান বলেন, “সবচেয়ে বড় প্রশ্ন ছিল—মাইক্রোসফট এআই খাতে ব্যয়ের আলোচনা ছাড়িয়ে সেই বিনিয়োগ থেকে আয়ের প্রমাণ দিতে পারবে কি না। সর্বশেষ ফলাফল বলছে, এ ক্ষেত্রে প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য অগ্রগতি করেছে।”





