আর্জেন্টিনার কাছে হেরে বিদায়, হতাশ ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন

স্পোর্টস ডেস্ক, ১৬ জুলাই ২০২৬: বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ইংল্যান্ড। এই পরাজয়ের পর গভীর হতাশা প্রকাশ করেছেন দলটির অধিনায়ক হ্যারি কেইন।
বুধবারের সেমিফাইনালে দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় ইংল্যান্ড। তবে এরপর আর্জেন্টিনার আক্রমণের মুখে পড়ে ম্যাচের নিয়ন্ত্রণ হারায় তারা। এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্তিনেজের গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
ম্যাচ শেষে কেইন বলেন, ‘আমি বিধ্বস্ত। খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সমর্থকদের জন্য খুবই খারাপ লাগছে। ম্যাচের বেশিরভাগ সময় আমরা ভালো খেলেছি এবং আগে গোলও করেছি। কিন্তু এরপর আমরা শুধু সেই লিড ধরে রাখার চেষ্টা করেছি। এই পর্যায়ে সেটা যথেষ্ট নয়।’
ইংল্যান্ড কেন ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়েছে, সেটিও ব্যাখ্যা করেন তিনি। কেইন বলেন, ‘প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধের শুরুতে আমরা ভালো চাপ সৃষ্টি করতে পেরেছিলাম এবং ম্যাচ নিয়ন্ত্রণে রেখেছিলাম। কিন্তু গোল করার পর তারা আরও বেশি খেলোয়াড় নিয়ে আক্রমণে আসে, আর আমরা সেই চাপ সামলাতে পারিনি। আমরা প্রতিরোধের চেষ্টা করেছি, কিন্তু শেষ পর্যন্ত সেটা যথেষ্ট ছিল না।’
হতাশা থাকলেও দলের পারফরম্যান্স নিয়ে ইতিবাচক থাকার চেষ্টা করেছেন ইংল্যান্ড অধিনায়ক। তার ভাষায়, ‘এই টুর্নামেন্টে আমাদের অনেক ভালো মুহূর্ত ছিল। আমরা আবারও সেমিফাইনালে উঠেছি। আমরা অনেক দিন ধরেই বলছি, আমরা খুব কাছাকাছি পৌঁছে গেছি, কিন্তু শেষ ধাপটি পেরোতে এখনও কিছু ঘাটতি রয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘বিশ্বকাপের মতো টুর্নামেন্ট শারীরিক ও মানসিক দুই দিক থেকেই কঠিন। আমরা সেটা প্রমাণ করেছি, তবে শিরোপা জিততে যে ছোট পার্থক্যটা দরকার, সেটাই এখনও আমাদের নেই।’
বিশ্বকাপ থেকে বিদায় নিলেও ইংল্যান্ডের টুর্নামেন্ট শেষ হয়নি। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আগামী ১৮ জুলাই মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ফ্রান্সের মুখোমুখি হবে তারা। ব্রোঞ্জপদক জিতেই বিশ্বকাপ অভিযান শেষ করার লক্ষ্য থাকবে থ্রি লায়ন্সদের।






