আরিফ হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম
আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেনের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানোর অভিযোগ তুলে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনটির খুলনা মহানগর শাখার সভাপতি মো. জহিরুল ইসলাম বাপ্পি।
এ ঘটনায় সম্প্রতি খুলনায় এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা দাবি করেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় নগরীর নিরালা মোড় এলাকা থেকে ভাঙারি মালামালসহ একটি মিনি পিকআপ লুট হয়েছিল। পরবর্তীতে মো. আরিফ হোসেন ও সংগঠনের নেতাকর্মীরা উদ্যোগ নিয়ে পিকআপটি উদ্ধার করেন। কিন্তু সম্প্রতি ওই ঘটনার সঙ্গে জড়িয়ে তার বিরুদ্ধে পিকআপ ছিনতাইয়ের মিথ্যা অভিযোগ আনা হয়েছে বলে তারা অভিযোগ করেন।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে। তারা অবিলম্বে এসব অপপ্রচার বন্ধের দাবি জানান। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।
বক্তারা আরও বলেন, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ দীর্ঘদিন ধরে সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সংগঠনের নেতৃবৃন্দের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে তাদের কার্যক্রমকে বাধাগ্রস্ত করার যে অপচেষ্টা চলছে, তা কোনোভাবেই সফল হবে না।
সভায় উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের খুলনা মহানগর দপ্তর সম্পাদক মো. মেহেদি হাসান নাঈম, প্রচার সম্পাদক মো. রুবেল হোসেন, জেলা কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুম বিল্লাহসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
সভা শেষে নেতৃবৃন্দ অপপ্রচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
উল্লেখ্য, অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত ও সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের বক্তব্য এই প্রতিবেদনে পাওয়া যায়নি।





